চলতি বছরের হজে অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি হজযাত্রী। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ৮ লাখ ২০ হাজার ৬৮৫ জন হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন। এর মধ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন বিমানপথে, ৩৫ হাজার ৪৭৮ জন স্থলপথে এবং ২ হাজার ৮২২ জন সাগরপথে সৌদিতে পৌঁছান।
গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজে অংশ নিয়েছিলেন, যার মধ্যে সৌদি নাগরিক এবং প্রবাসীরাও ছিলেন। তবে অনুমতি ছাড়া হজ করতে গিয়ে প্রচণ্ড গরমে প্রাণ হারান প্রায় ১ হাজার ৩০০ জন। এ ঘটনার পর হজ ব্যবস্থাপনায় সৌদি কর্তৃপক্ষ আরও কঠোরতা এবং আধুনিকায়নের পথে হাঁটছে।
মুসল্লিদের যাত্রা সহজ করতে সৌদি সরকার ২০১৮ সাল থেকে ‘মক্কা রুট’ প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের আওতায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক, মরক্কো ও আইভরি কোস্টের হজযাত্রীরা নিজ দেশেই হজ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
প্রোগ্রামের মাধ্যমে আগেই নেওয়া হয় বায়োমেট্রিক তথ্য, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রক্রিয়াকরণ এবং লাগেজ ট্যাগিং। সৌদিতে পৌঁছানোর পর হজযাত্রীদের সরাসরি বাসে করে মক্কা বা মদিনায় নির্ধারিত আবাসস্থলে পাঠানো হয় এবং তাদের লাগেজও সেখানে পৌঁছে দেওয়া হয়। এতে করে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা বা লাগেজ নিয়ে ঝামেলা থেকে রেহাই মিলছে।
এ বছর হজ ব্যবস্থাপনায় আরও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নিরাপদ, আরামদায়ক ও সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পারেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।