সুদানের রাজধানী খার্তুমে মারাত্মক কলেরার প্রাদুর্ভাবে মাত্র দুই দিনেই ৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংকটাপন্ন স্বাস্থ্যব্যবস্থা ও ভেঙে পড়া মৌলিক পরিষেবা খার্তুমবাসীর জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। — খবর এএফপি।

খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একদিনেই নতুন করে ৯৪২ জন কলেরায় আক্রান্ত হন এবং মারা যান ২৫ জন। তার আগের দিন, মঙ্গলবার আক্রান্ত হন ১,১৭৭ জন এবং প্রাণ হারান ৪৫ জন।

এই প্রাদুর্ভাব শুরু হয় যখন রাজধানীজুড়ে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দেশটির সেনাবাহিনী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-কে এই সংকটের জন্য দায়ী করছে, যারা রাজধানীতে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ।

গত সপ্তাহেই সরকার জানায়, খার্তুমের কেন্দ্রস্থল পুনরুদ্ধারের পর RSF যোদ্ধাদের তাদের শেষ অবস্থান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধবিধ্বস্ত খার্তুমের বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে।

কলেরা মহামারি দেশের ইতিমধ্যেই দুর্বল স্বাস্থ্যখাতের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহেই ১৭২ জনের মৃত্যু হয়েছে, যার ৯০ শতাংশই খার্তুম রাজ্যে।

আইসোলেশন সেন্টারে ভর্তি রোগীদের মধ্যে ৮৯ শতাংশ সেরে উঠলেও, পরিবেশগত অবনতি এবং মৌলিক সেবার অভাবে সংক্রমণ আরও বিস্তারের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জাতিসংঘ বলেছে, সেনাবাহিনী ও RSF-এর মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১ কোটি ৩০ লাখ। এই সংকটকে তারা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।

Walton Ads