স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে আলোচনার উদ্দেশ্যে রামাল্লায় বৈঠক করতে চেয়েছিলেন আরব বিশ্বের কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের বৈঠক ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, “আরব মন্ত্রীরা রামাল্লায় যে বৈঠক করতে চেয়েছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। এটি ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে।”

এই বৈঠকে সৌদি আরব, মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণের কথা ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক সংহতি জানানো।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য আহমাদ মাজদালানি জানান, এ বৈঠকের মাধ্যমে গাজা ও পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরব বিশ্বের অবস্থান তুলে ধরার পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, “এই সফরের মধ্য দিয়ে আসন্ন আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নেওয়ার কথাও ছিল, যেখানে ‘দ্বিরাষ্ট্র সমাধান’ নিয়ে গুরুত্বসহ আলোচনা হওয়ার কথা রয়েছে।”

উল্লেখ্য, রিয়াদে অনুষ্ঠিত সর্বশেষ আরব-ইসলামিক সম্মেলনে এই প্রতিনিধিদল গঠিত হয়। জুন মাসের মাঝামাঝি নিউ ইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে যে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে যাচ্ছে, সেখানেও এই প্রতিনিধিদলের সক্রিয় অংশগ্রহণের কথা রয়েছে।

ইসরায়েলের এ ধরনের বাধার কারণে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের প্রচেষ্টা আরও এক ধাপে পিছিয়ে গেল বলে বিশ্লেষকদের মত।

Walton Ads