ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী এক কড়া বার্তা দিয়েছেন। শনিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেছেন—“ইহুদিবাদী ইসরায়েল চরম পরিণতির জন্য প্রস্তুত হোক।”

তিনি বলেন,

“ইসরায়েল আজ ভোরে আমাদের পবিত্র ভূমিতে বর্বর ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে। আবাসিক এলাকায় নিরীহ মানুষের ওপর এই হামলা তাদের শয়তানি চরিত্রের প্রকাশ মাত্র। তারা শুধু আমাদের কিছু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারকে শহীদ করেনি, বরং পুরো জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে।”

আয়াতুল্লাহ খামেনেয়ী আরও জানান, শহীদদের সহকর্মীরা তাদের দায়িত্ব আরও শক্তভাবে গ্রহণ করেছেন এবং সশস্ত্র বাহিনী শিগগিরই উপযুক্ত জবাব দেবে। তাঁর ভাষায়,

“ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের হাত খুব শিগগিরই শত্রুদের ওপর পড়বে, ইনশাআল্লাহ।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“ইহুদিবাদী সরকারের এই অপরাধমূলক কর্মকাণ্ড তাদের জন্য ভয়াবহ ও তিক্ত পরিণতি বয়ে আনবে—এবং তারা নিশ্চিতভাবেই সেটি ভোগ করবে।”

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতার এ বক্তব্য শুধু প্রতীকী নয়, বরং আসন্ন সামরিক প্রতিক্রিয়ার পূর্বাভাসও হতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে খামেনেয়ীর সরাসরি এমন প্রতিক্রিয়া আঞ্চলিক উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে।

তেহরানের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এখন পাল্টা জবাবের জন্য প্রস্তুতির আহ্বান জানাচ্ছে। ফলে আসন্ন দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Walton Ads