ইসরায়েল যদি ইরানে হামলা বন্ধ করে, তাহলে তেহরানও পাল্টা আঘাত বন্ধ করবে—রোববার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে বলেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই আমাদের প্রতিরক্ষা জবাবও থেমে যাবে।”

গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার পেছনে কোনো পূর্ব উসকানি ছিল না বলে দাবি তেহরানের। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। রোববারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮০০ জন। নিহতদের মধ্যে আছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী।

ইরানও চুপ করে নেই। প্রতিরোধ হিসেবে শনিবার রাতে তেহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন তেল আবিবের বাত ইয়াম এলাকার বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।

সংঘাতের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই শান্তিপূর্ণ বার্তা একটি কূটনৈতিক ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাগচির বক্তব্যে বোঝা যায়, ইরান সরাসরি সংঘাত চায় না; বরং প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া দিচ্ছে।

তবে ইসরায়েল এখনো এই বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বার্তা শান্তিপূর্ণ সমাধানের একটা সম্ভাব্য জানালা খুলে দিতে পারে বলেও মত কূটনৈতিক বিশ্লেষকদের।

Walton Ads