ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে অন্তত ১০ জন নিহত এবং ২০০-র বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তেল আবিব, বাত ইয়ামসহ বিভিন্ন শহরে আঘাত হানে। প্রাণহানি ছাড়াও ধ্বংস হয়েছে বহু বসতবাড়ি ও অবকাঠামো।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় হারজগ লিখেছেন, “এই বর্বর ইরানি হামলাকে আমরা যুদ্ধাপরাধ বলেই বিবেচনা করছি। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যারা এখনো নিখোঁজ, তাদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বাত ইয়াম শহরে হামলার পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো দিনভর ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালাচ্ছে।
হারজগ বলেন, “এই শোকের সময়ে জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। আমাদের নাগরিকদের পাশে দাঁড়ানো এখন সবচেয়ে জরুরি। যারা আজ সকালে তাদের প্রিয়জন হারিয়েছেন বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের দুঃখে শামিল।”
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠার এ সময়ে ইসরায়েলের প্রেসিডেন্টের এই বার্তা ক্ষতিগ্রস্তদের মনোবল জোগানোর একটি প্রচেষ্টা হিসেবেই দেখছে বিশ্লেষকরা। এখন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আরও একবার ইরান-ইসরায়েল উত্তেজনার পরিণতির দিকে।