ইসরাইল শনিবার রাত থেকে ইরানের বিভিন্ন বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানসহ অন্তত ছয়টি শহরে আবাসিক ভবন ও জ্বালানি স্থাপনায় এ হামলায় বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তেহরানের নারমাক, নোবুনিয়াদ, যামযাম, শাহরান এবং শাহরে রেই এলাকাগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। শাহরানে একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন ধরে যায়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিস্ফোরণ এড়ানো গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। দক্ষিণ তেহরানের আরেকটি জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে, তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তেহরানের শহীদ চামরান এলাকার একটি ১৪ তলা ভবনে সরাসরি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। নিহতদের মধ্যে ২০টি শিশু রয়েছে। আহত হয়েছেন বহু নারী ও বয়স্ক নাগরিক।
ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট বিভিন্ন শহরে হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। বন্দর আব্বাস, খোররামাবাদ, তাবরিজ, মাশহাদ, শিরাজ এবং ইসফাহানে আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি ইসরাইলের যুদ্ধাপরাধের শামিল হতে পারে। ইরান সরকার বলছে, এসব হামলার উপযুক্ত জবাব তারা দেবে, তবে তারা সংঘর্ষ এড়ানোর পথও খোলা রাখতে চায়।
চলমান এ হামলা-জবাবের মধ্যে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বজুড়ে।