ইরান দাবি করেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত দুই গুপ্তচরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ অঞ্চলে চালানো এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। রবিবার (১৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

আলবোর্জ প্রাদেশিক পুলিশের গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের দাবি, আটককৃত দুই ব্যক্তি একটি ‘সন্ত্রাসী নেটওয়ার্ক’-এর সক্রিয় সদস্য। তারা একটি গোপন আস্তানায় বিস্ফোরক, বোমা, ফাঁদ তৈরির সরঞ্জাম এবং উন্নত ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ডেটোনেটর এবং স্পাই ইকুইপমেন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরানি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আটক এজেন্টদের জিজ্ঞাসাবাদ চলছে এবং খুব শিগগিরই তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও স্বীকারোক্তি প্রকাশ করা হবে।

ইরানি নিরাপত্তা বাহিনী বলছে, এই অভিযানটি দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা তৎপরতা ও ষড়যন্ত্র প্রতিরোধের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ। মোসাদের মতো বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চলছে, এটি তারই উদাহরণ।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের গ্রেফতার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন উত্তেজনার ইঙ্গিত হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, গোয়েন্দা তৎপরতা আরও জোরালো আকার ধারণ করেছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Walton Ads