রোববার (১৫ জুন) রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে এই আক্রমণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে।
জেরুজালেম ও তেল আবিবের বাসিন্দারা রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জরুরি সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। শহরের আকাশে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে কয়েকটি ধ্বংস করতে পেরেছে। তবে হাইফায় সরাসরি আঘাতের খবর নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হাইফার একটি বসতি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইসরায়েল ইরানের অভ্যন্তরে নতুন লক্ষ্যবস্তুতে জবাবি হামলা চালানোর হুমকি দিয়েছে। উত্তেজনা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে।