ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ইরান রোববার (১৫ জুন) একযোগে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ভারতের ইকোনোমিক টাইমস। এই নজিরবিহীন হামলায় হাইফা শহরে কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং বহু মানুষ আশ্রয়কেন্দ্রে পালিয়েছে।

আলজাজিরার বরাতে জানা যায়, ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরে স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এএফপি এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, এই হামলা ইরানের পক্ষ থেকে ‘নতুন প্রতিশোধমূলক আক্রমণ’-এর অংশ। ইসরায়েলের সামরিক স্থাপনায় পাল্টা জবাব দিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, “ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার টার্গেট ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক স্থাপনা। নাগরিকদের নিরাপদ এলাকায় থেকে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সজাগ থাকতে বলা হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান এই প্রথম সরাসরি কোনো শীর্ষ রাজনৈতিক নেতার বাসভবনে হামলার ইঙ্গিত দিল। যুদ্ধ পরিস্থিতি এখন আরও জটিল ও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।

তীব্র উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানালেও বাস্তবে যুদ্ধপথে দুই দেশের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠছে। এর ফলে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Walton Ads