রবিবার সকালে লখনউর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জেদ্দা থেকে আসা SV 3112 ফ্লাইটটি সকাল ৬:৩০ মিনিটে অবতরণের পর বিমানের বাম চাকা থেকে ধোঁয়া ও স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পাইলট দ্রুত বিমানটি থামিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। বিমানটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নিয়ে সমস্ত ১৭৮ জন যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামানো হয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও জরুরি প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হাইড্রোলিক সিস্টেমে লিকেজের কারণে চাকা অতিরিক্ত গরম হয়ে এই সমস্যা সৃষ্টি হয়। বিমান বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের সময় এমন ত্রুটি ঘটলে ভয়াবহ দুর্ঘটনা হতে পারত।

এই ঘটনাটি ঘটেছে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার মাত্র কয়েক দিন পর। ১২ জুন লন্ডনগামী ওই ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে ২৭০ জনের মৃত্যু হয়েছিল।

সৌদি এয়ারলাইন্সের এই ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে এসেছিল এবং খালি অবস্থায় ফেরার কথা ছিল। বিমানটি এখন বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় পরিদর্শনের জন্য রাখা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Walton Ads