ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার এক-তৃতীয়াংশ ধ্বংস করেছে। সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানান, চার দিনের অভিযানে ১২০টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চার নিষ্ক্রিয় করা হয়েছে।

ডিফ্রিন বলেন, "শুধুমাত্র গত রাতেই আমরা ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছি। এই লঞ্চারগুলো থেকে কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারত।" তিনি আরও দাবি করেন যে ইসরায়েল এখন তেহরানের আকাশসীমায় 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠা করেছে।

ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, ইস্পাহান শহরের প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানে ক্ষেপণাস্ত্রের গুদাম, উৎক্ষেপণ স্থল এবং কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে।

এই হামলাগুলো ইসরায়েল-ইরান সংঘাতের চতুর্থ দিনে পরিচালিত হয়েছে। গত কয়েক দিনে উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত। তবে ইরান এখনও পর্যন্ত ইসরায়েলের এসব দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Walton Ads