ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও উভয় দেশই সংঘাতে নেমেছে কঠোর অবস্থানে। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের বিভিন্ন অস্ত্রাগার ঘিরে বসবাসকারী সাধারণ মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে এবং সম্ভাব্য হামলার জন্য একটি বিশাল টার্গেট তালিকা প্রস্তুত করেছে।

এই উত্তেজনার মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরানের শীর্ষ জেনারেল মোহসেন রেজাইয়ের এক বক্তব্য। তিনি তুর্কি টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েল যদি ইরানে পরমাণু বোমা ফেলতে যায়, তবে পাকিস্তান তাদের পক্ষ নিয়ে পরমাণু প্রতিশোধ চালাবে তেলআবিবে। ইরানের এই দাবি নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি এবার শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ?

যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইসলামাবাদ এমন কোনো সামরিক প্রতিশ্রুতি দেয়নি। তবে একইসঙ্গে তিনি পাকিস্তানের সংসদে এক ভাষণে বলেন, “মুসলিম দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে, নাহলে একদিন তারাও ইরান ও ফিলিস্তিনের মতো বিপদের মুখোমুখি হবে।”

আসিফ আরও বলেন, যেসব মুসলিম দেশ এখনো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের উচিত সেই সম্পর্ক ছিন্ন করা।

বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো ভুল সিদ্ধান্ত কিংবা উস্কানি এই সংঘর্ষকে বিশ্বযুদ্ধে রূপ দিতে পারে। একদিকে ইরান ও তার মিত্ররা, অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকরা—সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে বিশ্ব অচিরেই ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

Walton Ads