ইরানের উপর ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এসব দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। একইসঙ্গে তারা অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

সোমবার এক যৌথ খোলা চিঠিতে এসব আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, “ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ দ্রুতই মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়ে যেতে পারে, যা গোটা অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এজন্য আমরা উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির পথে আসার আহ্বান জানাচ্ছি।”

এছাড়া দেশগুলো জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটিতে (এনপিটি) স্বাক্ষর করে অঞ্চলকে পরমাণু অস্ত্রবিহীন রাখার ওপর জোর দেয়।

উল্লেখ্য, ১৩ জুন ভোরে ইসরায়েলের বিমান বাহিনী তেহরানসহ ইরানের অন্তত ৮টি শহরে ব্যাপক বিমান হামলা চালায়। এতে সেনা, গোয়েন্দা ও পারমাণবিক স্থাপনাসহ বহু অবকাঠামো ধ্বংস হয়। হামলায় এখন পর্যন্ত দুই দেশের মিলিয়ে প্রায় ৩০০ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বের ২১টি দেশের এমন ঐক্যবদ্ধ অবস্থান এই প্রথম দেখা গেল, যা আন্তর্জাতিক শান্তিপ্রচেষ্টাকে আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Walton Ads