বিশ্বের শীর্ষ সাতটি শক্তিশালী অর্থনীতির জোট জি-৭ ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে কঠোর ভাষায় বিবৃতি দিয়েছে। কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা ইসরায়েলের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন এবং ইরানকে "আঞ্চলিক অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস" হিসেবে আখ্যায়িত করেছেন।

জি-৭-এর বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা তার নিরাপত্তার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি।" এছাড়াও, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই জোটের সদস্য দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা। তাদের এই বিবৃতি ইসরায়েল-ইরান সংঘাতের পঞ্চম দিনে এসেছে, যেখানে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার ঘটনায় সম্প্রচার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বেশ কয়েকজন কর্মী নিহত ও আহত হয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়, যা এখনও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন। অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক মহল এই সংঘাত যেন আরও না বাড়ে, সে বিষয়ে সতর্কতা জারি করেছে।

Walton Ads