ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাইক শেয়ারিং অ্যাপের একটি যাত্রা রূপ নেয় চাঞ্চল্যকর ঝগড়া ও সহিংসতায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ঘটনার সূত্রপাত হয় যখন এক নারী নির্ধারিত গন্তব্যে যাওয়ার জন্য মোটরসাইকেল ডাকেন। যাত্রা চলাকালে হঠাৎ ওই নারী মাঝপথে বাইক থামিয়ে দেন এবং চালককে ভাড়া না দিয়ে হেলমেট ফেরত দিতে চান। শুরু হয় তীব্র বাগ্‌বিতণ্ডা। নারীর অভিযোগ, চালক বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন এবং ট্রাফিক নিয়ম মানছিলেন না। অন্যদিকে চালকের দাবি, ওই নারী ঝুঁকিপূর্ণভাবে রাস্তায় মাঝপথে থামার জন্য চাপ দিচ্ছিলেন।

চলতে থাকে উত্তপ্ত বাক্যবিনিময়—নারী ইংরেজিতে, আর চালক কন্নড়ে। একপর্যায়ে ভাষা ও পরিচিতি নিয়ে উত্তেজনা বাড়ে। চালক বলেন, "তোমার দেশে ফিরে যাও", যা নারীকে অপমানজনক ঠেকে। ভিডিওতে দেখা যায়, নারী প্রথমে চালককে আঘাত করেন, পাল্টা প্রতিক্রিয়ায় চালক তাঁকে চড় মারেন এবং তিনি মাটিতে পড়ে যান।

চালকের নাম সুমন এস, যিনি দাবি করেন, "ওই নারী আমাকে জামার কলার ধরে টানেন, গালাগালি করেন ও টিফিন বক্স দিয়ে মারেন। আমি আত্মরক্ষায় চড় মারি।" ঘটনাস্থল থেকে পুলিশ চালককে আটক করে এবং মামলা দায়ের করে।

অপরদিকে, ওই নারী জানান, “আমি ভাড়া দিয়েছি, হেলমেটও ফিরিয়ে দিয়েছি। কিন্তু চালক আমাকে ট্রাফিক লঙ্ঘনের পর আঘাত করেছেন। ভাষাগত দম্ভ দেখিয়ে আমাকে 'দেশে ফিরে যেতে' বলেন।”

ঘটনা ঘিরে কর্ণাটকে ভাষা ও অভ্যন্তরীণ বৈষম্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Walton Ads