ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে, আহত হয়েছেন আরও অন্তত ৬৪৬ জন। দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য। আহতদের মধ্যে রয়েছেন ১৮৮ জন বেসামরিক নাগরিক এবং ১২৩ জন সামরিক সদস্য। এছাড়া, ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি সংস্থাটি—তাদের বেসামরিক না সামরিক, সেটাও অনিশ্চিত।

ইরানি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এত বড় হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েল হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে। রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা।

হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সহিংসতা বাড়তে থাকে। একের পর এক পাল্টা প্রতিক্রিয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও এখন পর্যন্ত সংঘাত থামাতে কোনো কার্যকর কূটনৈতিক উদ্যোগ বা শান্তি আলোচনার ঘোষণা আসেনি।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বাড়ছে। যুদ্ধবিরতি এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছে মানবাধিকার সংগঠনগুলো।

Walton Ads