চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো ইরান-ইসরাইল সংঘাত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন। মঙ্গলবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেক প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মধ্যপ্রাচ্যে আকস্মিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।"
শি জিনপিং স্পষ্ট করেন, "চীন অন্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।"
চীনা নেতার এই বক্তব্য আসে ইরান-ইসরাইল সংঘাত পঞ্চম দিনে প্রবেশ করার পর। তিনি সংঘাত নিরসনে সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "চীন আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।"
এটি ইরান-ইসরাইল সংঘাত বিষয়ে চীনের প্রথম উচ্চপর্যায়ের প্রতিক্রিয়া। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্য সংকটে চীনের এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়। এরপর থেকে উত্তপ্ত পরিস্থিতি চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। চীনের এই হস্তক্ষেপ এখন পরিস্থিতি শান্ত করতে কতটা ভূমিকা রাখে, সেটিই দেখার বিষয়।