ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই যদি যুদ্ধাপরাধ বন্ধ না করেন, তাহলে তার পরিণতি হবে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো। মঙ্গলবার এক বিবৃতিতে কাটজ বলেন, "ইরানের স্বৈরশাসকরা যদি ইসরায়েলের নিরীহ নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে তাদের ভাগ্য সাদ্দামের মতোই হবে।"

কাটজ ইরানের সাধারণ নাগরিকদেরও সতর্ক করে বলেন, ইসরায়েল শুধু ইরানের সামরিক স্থাপনা ও পরমাণু সুবিধাগুলোকে লক্ষ্য করছে। তাই, তিনি ইরানি জনগণকে এসব স্থানের আশেপাশে থাকা এড়িয়ে চলতে আহ্বান জানান।

ইসরায়েলের এই হুঁশিয়ারির পেছনে রয়েছে ইরানের সাম্প্রতিক হামলা ও যুদ্ধাপরাধের অভিযোগ। গত শুক্রবার ইসরায়েল ইরানের একটি সামরিক ঘাঁটি ও পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি যুদ্ধের ঘোষণা দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই বলেছেন, খামেনেইয়ের মৃত্যু না হওয়া পর্যন্ত এই সংঘাত থামবে না। তবে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে খামেনেইয়ের মৃত্যুর ষড়যন্ত্রের অভিযোগ তিনি নাকচ করে দিয়েছেন।

সাদ্দাম হোসেন ২০০৬ সালে ইরাকি আদালতের রায়ে ফাঁসিতে ঝুলেন। ইসরায়েলের এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে, খামেনেইকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি ইরানের সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করতে চলেছে? উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Walton Ads