যুক্তরাষ্ট্র সফরকালে প্রবাসী পাকিস্তানিদের তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা ওয়াশিংটনে তার অবস্থানরত হোটেলের সামনে এই বিক্ষোভের আয়োজন করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা "আসিম মুনির তুই কাপুরুষ", "গণহত্যাকারী" এবং "পাকিস্তানিদের খুনি" স্লোগান দিচ্ছেন। একটি মোবাইল ইলেকট্রনিক বিলবোর্ডে প্রদর্শিত হচ্ছিল - "গণতন্ত্র মরে যায় যখন বন্দুক কথা বলে"।
গত রোববার শুরু হওয়া মুনিরের পাঁচ দিনের এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করা। তবে ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এটি আমেরিকার সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ নয়।
পিটিআই নেতৃত্ব দাবি করেছিল, মুনিরকে ওয়াশিংটন মিলিটারি প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু হোয়াইট হাউস এই দাবি প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুনির প্যারেডে অংশ নেননি।
সূত্রমতে, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই সীমাবদ্ধ ছিল। তবে প্রবাসী পাকিস্তানিদের এই বিক্ষোভ পাকিস্তানের বর্তমান সামরিক-বেসামরিক সম্পর্ক নিয়ে চলমান উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিক্ষোভকারীরা পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে।