ইরানের আরাক শহরের ভারি পানি পারমাণবিক চুল্লিতে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত ভারি পানি চুল্লি শীতলীকরণে ব্যবহৃত হলেও, এর উপজাত উপাদান প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ফলে চুল্লিটির ওপর হামলা সরাসরি পরমাণু ঝুঁকির ইঙ্গিত দেয়।
২০১৫ সালে স্বাক্ষরিত বহুপাক্ষিক পারমাণবিক চুক্তির আওতায় ইরান আরাকের পুরনো চুল্লির নকশা পরিবর্তন এবং প্লুটোনিয়াম উৎপাদন সীমিত করতে সম্মত হয়েছিল। যুক্তরাজ্য সেই প্রক্রিয়ায় সহায়তাও করছিল। নতুন নকশা অনুযায়ী, চুল্লি থেকে সামরিক ব্যবহারের মতো প্লুটোনিয়াম উৎপাদনের ঝুঁকি অনেকটাই হ্রাস করার কথা ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া, এবং ইরানের ওপর পর্যবেক্ষণ দুর্বল হয়ে পড়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, বর্তমানে তারা আরাক রিঅ্যাক্টরের উৎপাদন ও মজুত সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে না।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই হামলা শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এপি জানায়, ২০১৫ সালের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে প্রায় ৩২ টন ভারি পানি কিনেছিল, যার জন্য ৮০ লাখ ডলার পরিশোধ করা হয়।
ইরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইসরায়েলি এই হামলা অঞ্চলজুড়ে নতুন উত্তেজনার সূচনা করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।