ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক আবেগঘন ভাষণে জাতির উদ্দেশে প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, “আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব, ইনশাআল্লাহ।” বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ভাষণে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের সকল স্তরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
পেজেশকিয়ান বলেন, “এই কঠিন সময় অতিক্রম করতে সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আন্তরিকতা ও সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে। দেশমাতৃকার প্রয়োজনে সবাইকে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের ধৈর্য, সংহতি এবং ঈশ্বরের করুণাই আমাদের এই অন্ধকার সময় পার করে সামনে এগিয়ে নিয়ে যাবে। ইরানের জনগণ অতীতে অনেক সঙ্কট মোকাবিলা করেছে—এই বিপর্যয়ও তারা জয় করবে।”
এছাড়া, তিনি দেশবাসীকে উদ্দেশ করে বলেন, “ভয় নয়, বরং সাহসই আমাদের পথ দেখাবে। একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করব, ইরান একটি অবিচল জাতি—যাকে কোনো ষড়যন্ত্র বা আগ্রাসন থামিয়ে দিতে পারবে না।”
সাম্প্রতিক ইসরায়েল-ইরান উত্তেজনা এবং দেশজুড়ে চলমান প্রতিকূল পরিস্থিতির প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এই ভাষণ বিশেষ তাৎপর্য বহন করছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বার্তা জনগণের মধ্যে আশা ও সাহস জাগাতে কার্যকর ভূমিকা রাখে।
জাতীয় ঐক্য, জনগণের আস্থা এবং নেতৃত্বের ইতিবাচক বার্তার মধ্য দিয়ে ইরান সংকট মোকাবিলার পথে নতুন আত্মবিশ্বাসে এগিয়ে যেতে চায়—এটাই ছিল পেজেশকিয়ানের বার্তার মূল সুর।