ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করাই তাদের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার তেলআবিবের হোলোনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

কাৎজ খামেনিকে "আধুনিক যুগের হিটলার" আখ্যা দিয়ে বলেন, "তিনি একজন স্বৈরশাসক যিনি ইসরায়েল ধ্বংসের জন্য পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছেন। যেমনভাবে হিটলারকে থামাতে হয়েছিল, তেমনি তাঁকেও থামাতে হবে।"

প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে ইতিহাসের উদাহরণ টেনে বলেন, "যদি তখন ইসরায়েলের অস্তিত্ব থাকত এবং আমাদের শক্তিশালী সামরিক বাহিনী থাকত, আমরা হিটলারকে ঠিক যেমনভাবে নির্মূল করতাম, আজ খামেনিকেও সেভাবেই মোকাবিলা করব।"

তিনি অভিযোগ করেন যে খামেনি কয়েক দশক ধরে ইরানের জনগণের চাহিদা উপেক্ষা করে শুধুমাত্র ইসরায়েল ধ্বংসের মিশনেই ব্যস্ত রয়েছেন। "তার সরাসরি নির্দেশনায়ই হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে," যোগ করেন কাৎজ।

সাংবাদিকদের সাথে আলোচনায় কাৎজ ইসরায়েলের যুদ্ধের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, "আমাদের লক্ষ্য তিনটি - পারমাণবিক হুমকি নির্মূল, ধ্বংসাত্মক শক্তির উৎস ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা। এই লক্ষ্য পূরণে খামেনির অস্তিত্ব বজায় রাখা সম্ভব নয়।"

তিনি নিশ্চিত করেন যে ইসরায়েলি সেনাবাহিনীকে ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই বক্তব্য ইসরায়েল-ইরান উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Walton Ads