ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি জানিয়ে দিয়েছেন, “ইসরায়েলের নিঃশর্ত আগ্রাসন বন্ধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থায়ী অবসানই এই যুদ্ধ থামানোর একমাত্র উপায়।” শুক্রবার এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর বার্তা দেন।
তিনি বলেন, “যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ভয়াবহ, আরও তীব্র। ইরান আত্মরক্ষার অধিকার রাখে এবং জাতি হিসেবে আমরা মাথানত করব না।”
গত এক সপ্তাহ ধরে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, তেল ও গ্যাসকেন্দ্র, সরকারি ভবন এমনকি আবাসিক এলাকাগুলোতেও। ইরান এই হামলাগুলোকে সরাসরি রাষ্ট্রীয় আগ্রাসন আখ্যা দিয়ে বলেছে, তারা চুপ করে থাকবে না।
ইসরায়েলের এক সামরিক মুখপাত্র জানান, সংঘাত শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১ হাজারের বেশি ড্রোন ছুড়েছে ইসরায়েলের অভ্যন্তরে। এসব আক্রমণে মারাত্মক ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে।
ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানায়, সর্বশেষ ইরানি হামলায় অন্তত ৬৫ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বার্তা যুদ্ধের পরিসর আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দেয়। ইরান যে এবার একেবারে আক্রমণ প্রতিরোধের পাশাপাশি দীর্ঘমেয়াদি জবাবের প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট। আর তাই, আগ্রাসন না থামালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে—এটাই ইরানি প্রেসিডেন্টের বার্তার মূল সুর।