ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে আমেরিকা পাশে থাকুক বা না থাকুক, তেহরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করবেই ইসরায়েল—এই বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এখনো সিদ্ধান্ত নেননি যে ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে কি না, তখন নেতানিয়াহু সাফ জানিয়ে দেন, ইসরায়েল একাই যথেষ্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা ইরানের পরমাণু ঘাঁটি ধ্বংস করব—আমাদের সেই সামর্থ্য আছে। এরপর ইরানের শাসনব্যবস্থা টিকে থাকবে কি না, তা নির্ধারণ করবে ইরানি জনগণ।”
তিনি আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ জুড়বেন কি না, তা তার সিদ্ধান্ত। তবে ইসরায়েল নিজের নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন, সেটা করবেই।”
গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এতে তেহরানের প্রথম সারির সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, “ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন—যুদ্ধ নয় কি কূটনৈতিক সমাধান।” তিনি বলেন, “প্রেসিডেন্ট শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী হলেও প্রয়োজনে বলপ্রয়োগে দ্বিধা করবেন না।”
তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ট্রাম্প ইতিমধ্যে ইরানে হামলার প্রাথমিক অনুমোদন দিয়েছেন, যদিও এখনই হামলা চান না।
সব মিলিয়ে ট্রাম্প সিদ্ধান্ত না নিলেও, ইসরায়েল এককভাবেই ইরানবিরোধী সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তাঁর মতে, ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা এখন সময়ের দাবি।