ইসরায়েলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন দেশটিতে বসবাসরত হাজারো ভারতীয়। তেল আভিভে কেয়ার গিভার হিসেবে কাজ করা কর্ণাটকের রাঘবেন্দ্র নাইক বলছেন, “ছয় বছরের মেয়েকে বহুদিন দেখিনি। বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে জানি না কবে ফিরতে পারব।”
তাঁর মতোই তেলেঙ্গানা অ্যাসোসিয়েশনের সভাপতি সোমা রভিও উদ্বিগ্ন। প্রায় ২০ বছর আগে কাজের সূত্রে ইসরায়েলে এসেছিলেন। বলেন, “আমার মেয়ে ভারতে এসেছে, ওর সঙ্গে দেখা করতে পারলাম না।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে আনুমানিক ১৮,০০০–২০,০০০ ভারতীয় কর্মী ইসরায়েলে রয়েছেন। যদিও ধারণা করা হয়, প্রকৃত সংখ্যা আরও বেশি। মূলত কেয়ার গিভার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট ও নির্মাণ শ্রমিক হিসেবেই কাজ করেন তারা।
ইন্ডিয়ান ইকনোমিক ট্রেড অর্গানাইজেশন–এর প্রেসিডেন্ট ড. আসিফ ইকবাল জানান, ইসরায়েলের প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষিত ভারতীয় কেয়ার গিভারদের চাহিদা অনেক। পাশাপাশি গাজা যুদ্ধের পর নির্মাণ খাতে ভারতীয়দের চাহিদা বেড়েছে।
তেল আভিভে ভারতীয় দূতাবাস আটকে পড়াদের সহায়তায় কাজ করছে। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, প্রয়োজনে স্থলপথে সরিয়ে এনে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হবে।
ভারতের ইহুদি বংশোদ্ভূতদের মধ্যে ৫০-এর দশক থেকে অনেকে ইসরায়েলে বসতি স্থাপন করেছেন। বর্তমানে প্রায় ৮৫,০০০ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি দেশটিতে বসবাস করেন।
জেরুজালেমের বাসিন্দা আইস্যাক ওয়াস্কার জানান, “যুদ্ধ এখন আমাদের জীবনের অংশ। আগে গাজার সঙ্গে ছিল, এখন ইরানের সঙ্গে। তবু কাজের পরিবেশ ভাল, আর ভারতীয়রা এখানে এক পরিবারের মতো।”
তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন অনেকেই।