ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলাকে কেন্দ্রে করে উদ্বেগ প্রকাশ করেছে পারস্য উপসাগরীয় দেশগুলো। সম্প্রতি ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সাথে বৈঠকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) রাষ্ট্রদূতরা এই হামলার সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রদূতরা জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, পুরো আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকেই হুমকির মুখে ফেলবে। এ ধরনের হামলা রেডিওলজিক্যাল দূষণ ও পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে, যা পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছে। এই কেন্দ্রটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এবং সেখানে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ মজুদ রয়েছে। আইএইএ প্রধান গ্রোসি সতর্ক করে বলেছেন, এই স্থাপনায় হামলা হলে তা চেরনোবিলের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ ধরনের ঘটনায় হাজার হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হতে পারে, যার মধ্যে পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর জনগণও অন্তর্ভুক্ত।
বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা শুধু ইরান-ইসরায়েল দ্বন্দ্বই নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। এর প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে পরিবেশগত বিপর্যয় ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন সংকট ডেকে আনবে।