যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি আহ্বান জানিয়েছেন, ইরান যেন আলোচনার টেবিলে ফিরে আসে এবং কূটনৈতিক সমাধানের পথ বেছে নেয়।

শনিবার এক বিবৃতিতে কিয়ার স্টারমার বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি এখন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এই হুমকি দূর করতেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে হলে অবিলম্বে আলোচনায় ফেরার প্রয়োজন রয়েছে। যুক্তরাজ্য কূটনৈতিক পথে সংকট নিরসনের পক্ষে।”

এর আগে, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান নামের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলা ছিল অত্যন্ত সফল এবং এতে ইরানের পারমাণবিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এটি পশ্চিমাদের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে তেহরান এখনো যুক্তরাষ্ট্রের হামলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ধারণা করা হচ্ছে, তারা উপযুক্ত সময় ও পদ্ধতিতে জবাব দেবে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের নজর এখন ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে।

বিশেষজ্ঞদের মতে, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা ছাড়া এ সংকট থেকে উত্তরণের অন্য কোনো নিরাপদ পথ আপাতত নেই।

Walton Ads