ভেনিসের সান জিওভান্নি এভানজেলিস্তা দ্বীপে আয়োজন করা হয়েছে বিশ্বের অন্যতম আলোচিত ও বিলাসবহুল বিবাহপূর্ব গালা—জেফ বেজোস ও লরা সানচেজের প্রি-ওয়েডিং উৎসব। মাত্র ১১ জন বাসিন্দার এই দ্বীপে হাজির হয়েছেন প্রায় ২০০ জন বিলিয়নিয়ার, যাদের মধ্যে আছেন কিম কার্দাশিয়ান, ক্রিস জেনার, ব্যারি ডিলার ও ডিজাইনার ডায়ান ভন ফারস্টেনবার্গ।
আঙুরবাগানের মাঝে দীর্ঘ টেবিলে হবে ভোজসভা। কনে আসবেন হেলিকপ্টারে, যা নামবে বেজোসের মেগা-ইয়ট 'করু’র সাপোর্ট শিপ ‘আবিওনা’র হেলিপ্যাডে। নিরাপত্তা থাকবে রাষ্ট্রপ্রধানদের সমান মানের। মূল অনুষ্ঠান হবে সান জর্জিও ম্যাজিওরে দ্বীপে, যেখানে ১,৫০০ আসনের একটি খোলা মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সম্প্রতি যেটি সংস্কার করেছে ব্রিটিশ আর্কিটেক্ট নরম্যান ফস্টারের প্রতিষ্ঠান।
তিন দিনের অনুষ্ঠানে বৃহস্পতিবার গালা ডিনার, শুক্রবার বিয়ে ও বেজোস-সানচেজের মিলনোৎসব এবং শনিবার গোপন পার্টি ও সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হবে। কনের পোশাক ডিজাইন করেছে ডোলসে অ্যান্ড গাব্বানা, বেজোসের টাক্সেডোও তাদেরই তৈরি।
তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ইরানে হামলার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান পরিকল্পনায় এসেছে পরিবর্তন। বেজোসের ৫০০ মিলিয়ন ডলারের ইয়ট এখন নিরাপদ দূরত্বে ক্রোয়েশিয়ার উপকূলে অবস্থান করছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর আসা এখন অনিশ্চিত; তবে ইভানকা ট্রাম্প ও জ্যারেড কুশনার ইতিমধ্যেই উপস্থিত।
সমালোচনার মুখে পড়ায় প্রথমে ৫০ মিলিয়ন ডলারের অনুষ্ঠান বাজেট কমিয়ে ‘পারিবারিক’ আবহে ৫ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ করা হয়। তবুও ভাস্কর, শেফ, বিলিয়নিয়ারদের উপস্থিতিতে এই বিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে এসেছে এক অভিজাত, গ্ল্যামারাস অনুষ্ঠান হিসেবে।