ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি বা প্রতিশ্রুতি হয়নি এবং যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ইরান তাৎক্ষণিক ও নির্ভুল জবাব দেবে। ইরানি সম্প্রচার সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরাকচি বলেন, “আমরা আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করছি না এবং এখনো কোনো সমঝোতা হয়নি। আমাদের স্পষ্ট বার্তা—ইরান লেবানন নয়। যুদ্ধবিরতি ভাঙলে আমরা শক্তভাবে প্রতিক্রিয়া জানাব।”
তিনি আরও বলেন, “ইসরাইল ও মার্কিন আগ্রাসনের মধ্যেও ইরানি জনগণ ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তারা আমাদের পরমাণু অধিকার কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, “পারমাণবিক শক্তিধর দেশগুলোর সম্মিলিত চাপের মুখেও ইরান মাথানত করেনি। আমরা আত্মসমর্পণ শব্দটি জানি না। প্রায় ৫০ বছর ধরে আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে ইরান লড়ছে, সেই লড়াই থেমে যাবে না।”
কূটনীতি বিষয়ে আরাকচি বলেন, “আমরা কখনোই কূটনীতির বিরুদ্ধে নই। তবে আমরা অন্যের তৈরি ছকে খেলি না। আলোচনা হবে আমাদের নিয়মে, আমাদের শর্তে। সে জন্যই আমরা পরোক্ষ আলোচনা প্রস্তাব দিয়েছি এবং সেটাই বাস্তবায়ন করছি।”
১২ দিনের সাম্প্রতিক প্রতিরোধকে তিনি ইতিহাসের অংশ উল্লেখ করে বলেন, “এটি একটি জাতির প্রতিরোধের প্রতীক হয়ে থাকবে, যেখানে সামরিক ও কূটনৈতিক কৌশল সমন্বিতভাবে প্রয়োগ হয়েছে।”
আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানবাধিকার কাউন্সিল পর্যন্ত একটি বিবৃতিও দেয়নি। তাহলে আন্তর্জাতিক আইন কোথায়?” প্রশ্ন ছুড়ে দেন আরাকচি।