বিশ্বে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য স্থায়ী বসবাসের সুযোগ দিয়ে অস্ট্রেলিয়া ‘প্যাসিফিক এনগেজমেন্ট ভিসা’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভালুর নাগরিকরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করার সুযোগ পাচ্ছেন।

গত ১৬ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ ভিসার আবেদন কার্যক্রমে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে টুভালুর নাগরিকরা। মাত্র ১১ দিনেই জমা পড়েছে ১,১২৪টি আবেদন, যেখানে পরিবারসহ আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪,০৫২ জনে—যা দেশটির মোট জনসংখ্যার ৩৭ শতাংশেরও বেশি। আবেদন গ্রহণ চলবে ১৮ জুলাই পর্যন্ত।

তবে আবেদন করলেই ভিসা নিশ্চিত নয়। প্রতি বছর লটারির মাধ্যমে ২৮০ জনকে এই ভিসা দেওয়া হবে।

ভিসাধারীরা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন, পাবেন স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার), চাইল্ড কেয়ার ভর্তুকি, এবং শিক্ষা সহায়তা। আবেদন খরচও অত্যন্ত কম—শুধুমাত্র ২৫ অস্ট্রেলীয় ডলার।

এই উদ্যোগটি ২০২৩ সালের ‘অস্ট্রেলিয়া-টুভালু ফ্যালেপিলি ইউনিয়ন’ চুক্তির আওতায় নেওয়া হয়েছে। চুক্তিতে টুভালুকে প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য সংকট এবং সামরিক হুমকি থেকে রক্ষার অঙ্গীকারও রয়েছে।

টুভালু, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়পড়তা মাত্র ৫ মিটার উঁচুতে অবস্থিত, জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে অনেকেই “জলবায়ু ন্যায়বিচারের একটি ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে দেখছেন।

ভবিষ্যতে অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্যও এই ধরণের উদ্যোগ গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত আবেদন তথ্য পাওয়া যাবে:
👉 immi.homeaffairs.gov.au/visa-listing/pacific-engagement-visa-192

Walton Ads