জর্ডানের জাতীয় বাস্কেটবল দল ২০২৫ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে ২০-০ স্কোরে টেকনিক্যাল জয় পাবে।
সূত্রে জানা গেছে, জর্ডান বাস্কেটবল ফেডারেশন গত কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিল। অবশেষে তারা আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফাইবা)-কে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে তারা ইসরায়েলের মুখোমুখি হবে না।
ইসরায়েলি মিডিয়া দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, জর্ডানের এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবের কারণে নেওয়া হয়েছে। গত কয়েক মাসে ইসরায়েল-জর্ডান সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাতের সময় জর্ডানের ভূমিকা নিয়ে।
ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান বলেন, "খেলাধুলা মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করার মাধ্যম হওয়া উচিত, রাজনীতির হাতিয়ার নয়। জর্ডানের এই সিদ্ধান্তে আমরা হতাশ।"
এদিকে, জর্ডানের এই পদক্ষেপকে মুসলিম বিশ্বে ব্যাপক সমর্থন দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী জর্ডানের এই "সাহসী সিদ্ধান্তের" প্রশংসা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসরায়েলের বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তুলতে পারে। আগামী দিনে অন্যান্য মুসলিম দেশগুলোর কাছ থেকে অনুরূপ প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বিশ্বকাপে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ গোলে হারিয়েছে, অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে পরাজিত হয়েছে।