ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সরাসরি কঠোর বার্তা দিয়ে বলেছেন, “নেতানিয়াহুর এখনই বিদায় নেওয়া উচিত।”
শনিবার (২৯ জুন) ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নেতানিয়াহু প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় আছেন। এটা স্বাভাবিক নয়। একজন নেতার এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা গণতন্ত্রের জন্য ভালো নয়।”
বেনেটের অভিযোগ, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলি সমাজে বিভাজন চরমে উঠেছে। তিনি বলেন, “তিনি (নেতানিয়াহু) জাতিকে বিভক্ত করেছেন। মতপার্থক্য এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তার শাসনামলে প্রকট হয়েছে।”
গাজা যুদ্ধের বিষয়ে তিনি বলেন, “সেনাবাহিনীর পারফরম্যান্স ছিল প্রশংসনীয়, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব ছিল সম্পূর্ণ বিপর্যস্ত।” চলমান গাজা যুদ্ধ ও বাকি জিম্মিদের মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “এখনই একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত চুক্তি দরকার।”
বেনেটের দাবি, চলতি মাসে ইরানে চালানো ইসরায়েলের হামলার পরিকল্পনার ভিত্তি তৈরি হয়েছিল তার স্বল্পমেয়াদি সরকারের সময়েই। তিনি বলেন, “এই অভিযান ছিল সঠিক এবং সময়োপযোগী। আমার সরকারের প্রস্তুতি ছাড়া এটি সম্ভব হতো না।”
২০২১ সালে তিনি নেতানিয়াহুবিরোধী জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন, যদিও তার নিজস্ব জোট সরকার টিকেছিল মাত্র এক বছর।
বেনেটের ফের রাজনীতিতে ফেরার জল্পনা জোরালো হলেও তিনি এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে জনমত জরিপ বলছে, তিনি অংশ নিলে নেতানিয়াহুকে হারানোর মতো সমর্থন এখনো তার রয়েছে।
আসন্ন নির্বাচন ২০২৬ সালের শেষ দিকে হলেও ইসরায়েলে আগাম নির্বাচনের সম্ভাবনা সবসময় উন্মুক্ত থাকে।