সাইপ্রাসে ইসরায়েলি নাগরিকদের ব্যাপক জমি ক্রয় ও সম্পত্তির মালিকানা স্থানীয় রাজনীতিবিদ ও নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দেশটির বামপন্থী দল আকেল পার্টি সতর্ক করে দিয়ে বলেছে, বিদেশিদের হাতে জমি বিক্রির এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে সাইপ্রাসের ভূখণ্ড নিয়ে সংকট তৈরি হতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত লারনাকা ও লিমাসোল অঞ্চলে ইসরায়েলিরা ২,৫৬০টিরও বেশি সম্পত্তি কিনেছেন। আকেল পার্টির নেতা স্টেফানো সাইবিসি জানান, কিছু এলাকায় ইসরায়েলিরা গেটেড কমিউনিটি গড়ে তুলছে, যেখানে স্থানীয়দের প্রবেশ সীমিত। এছাড়া এসব এলাকায় ইহুদি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের কাজও চলছে।

সাইপ্রাসে বিদেশি নাগরিকদের জমি কেনার ক্ষেত্রে 'গোল্ডেন ভিসা' স্কিম চালু রয়েছে, যেখানে ৩ লাখ ইউরো বিনিয়োগ করলে স্থায়ী বসবাসের সুযোগ মেলে। আকেল পার্টি এখন এই স্কিমে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছে।

ইতিহাসবিদরা স্মরণ করিয়ে দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সাম্প্রতিক ইরান-ইসরায়েল উত্তেজনার সময় সাইপ্রাস ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে। তবে এখন স্থানীয়রা আশঙ্কা করছেন যে ইসরায়েলিরা শুধু বিনিয়োগই নয়, ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাও চালাচ্ছে।

সাইপ্রাস সরকার এখনও এই ইস্যুতে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে সাইপ্রাসকে বিদেশি বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।

Walton Ads