চীন তার ভিসা নীতি সহজ করে ৭৪টি দেশের নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ২০২৪ সালে রেকর্ড ২ কোটির বেশি বিদেশি পর্যটক ভিসা ছাড়াই চীন ভ্রমণ করেছেন— যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ।

চীনা কর্তৃপক্ষ পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এবং বৈশ্বিক সম্পর্ক জোরদার করতে এই নীতি গ্রহণ করেছে। বর্তমানে ফ্রান্স, জার্মানি, ইতালি, মালয়েশিয়াসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলো এই তালিকায় রয়েছে। সম্প্রতি উজবেকিস্তান, আজারবাইজান ও লাতিন আমেরিকার পাঁচ দেশকেও যুক্ত করা হয়েছে।

বেইজিংয়ে ভ্রমণরত অস্ট্রিয়ার নাগরিক জর্জি শাভাদজে বলেন, "ভিসার জটিল প্রক্রিয়া এড়ানো যায় বলে এখন ভ্রমণ সহজ হয়েছে।" স্থানীয় ট্যুর গাইড গাও জুন জানান, বিদেশি পর্যটক বৃদ্ধির কারণে গাইডের চাহিদা বেড়েছে।

যদিও ২০১৯ সালের তুলনায় পর্যটক সংখ্যা এখনো কম, তবুও বিলাসবহুল ট্যুর অপারেটর 'ওয়াইল্ডচায়নার'-এর ব্যবস্থাপনা পরিচালক জেনি ঝাও বলছেন, "ভিসা শিথিলকরণের পর আমাদের ব্যবসা ৫০% বেড়েছে।" ট্রিপ.কমের তথ্য অনুযায়ী, ভিসামুক্ত দেশগুলো থেকে হোটেল ও ফ্লাইট বুকিং ৭৫% বৃদ্ধি পেয়েছে।

ট্রানজিট ভ্রমণকারীদের জন্যও বিশেষ সুবিধা চালু করেছে চীন। যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের নাগরিকরা ট্রানজিটের সময় ১০ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ চীনের অর্থনীতি ও বৈশ্বিক অবস্থান শক্তিশালী করবে। তবে আফ্রিকার বড় দেশগুলো এখনো তালিকায় না থাকায় কিছু সমালোচনাও রয়েছে।

Walton Ads