সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে ফের শুরু হয়েছে কঠোর অভিযান। মাত্র এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত অভিযানে ১৭ হাজার ৮৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সময়কালে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১০ হাজার ৭৪৬ জন আবাসন আইন, ৪ হাজার ৩৬২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৭৫৫ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এদের মধ্যে এক হাজার ৫০৭ জনকে সৌদিতে অবৈধ অনুপ্রবেশের সময় ধরা হয়—যাদের মধ্যে ৬৫% ইথিওপিয়ান, ৩৩% ইয়েমেনি এবং বাকি অন্য দেশের নাগরিক।

এছাড়া, প্রবাসীদের আশ্রয় দেওয়া ও পরিবহনের দায়ে ২৬ জন স্থানীয় বাসিন্দাকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ৮ হাজার ৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৬ হাজার ৮৩৯ জনকে ফেরতের প্রক্রিয়ায় রাখা হয়েছে।

বর্তমানে মোট ১৩ হাজার ৩৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান, যার মধ্যে ১১ হাজার ৮৭৪ জন পুরুষ এবং এক হাজার ৪৮৮ জন নারী।

সৌদি আইন অনুযায়ী, অবৈধ অভিবাসনে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সরকার বারবার এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে।

সৌদিতে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের মধ্যে উল্লেখযোগ্য অংশই অভিবাসী, যাদের অনেকে বৈধতা না থাকায় ঝুঁকিতে রয়েছেন।

Walton Ads