জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞাকে "অশ্লীল ও অগ্রহণযোগ্য" বলে প্রত্যাখ্যান করেছেন। আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এটিকে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের সমালোচনার প্রতিশোধ বলে উল্লেখ করেন।
"এই নিষেধাজ্ঞা আমাকে থামাতে পারবে না," বলেন আলবানিজ, "ইসরাইল যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ চালাচ্ছে তা বলতে আমি অব্যাহত থাকব।" তিনি এটিকে "মাফিয়াদের ভয়ভীতির কৌশল" বলে আখ্যায়িত করেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজকে "ইসরাইল-বিরোধী রাজনৈতিক-অর্থনৈতিক যুদ্ধ" চালানোর অভিযোগ এনেছিলেন। জবাবে আলবানিজ বলেন, "আমি শুধু আন্তর্জাতিক আইনের পক্ষে কথা বলছি। গাজার ভয়াবহতা শুধু ইসরাইলি আগ্রাসনের ফল নয়, বরং এসব থেকে লাভবান কোম্পানিগুলোর জন্যও।"
গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে আলবানিজ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অপকর্মে সহায়তাকারী বহুজাতিক কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছিলেন। তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকেও "মৃত্যুর ফাঁদ" বলে অভিহিত করেন, যেখানে ইসরায়েলি গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই নিষেধাজ্ঞাকে "বিপজ্জনক নজির" বলে নিন্দা করেন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের রাষ্ট্রদূত জার্গ লাউবারও সকল সদস্য রাষ্ট্রকে বিশেষ দূতদের বিরুদ্ধে ভীতি প্রদর্শন না করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২১ মাসে গাজায় ইসরায়েলি হামলায় ৫৭,৫৭৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আলবানিজের মতে, তার ব্যক্তিগত অসুবিধা গাজার মানুষের দুর্দশার তুলনায় কিছুই নয়। তিনি আইসিসির ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকেও সমর্থন জানান।