যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরির অভিযোগে বিপাকে পড়েছেন এক ভারতীয় নারী। ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় সাত ঘণ্টা ঘোরাঘুরি শেষে ১,৩০০ ডলারের (প্রায় ১.১ লাখ টাকা) পণ্য চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্টোর কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নারীর সঙ্গে কথা বলার সময় বডিক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধারণ করে। ভিডিওতে দেখা যায়, নারীটি বলেন, “আমি দুঃখিত, যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের নাগরিক নই এবং স্থায়ীভাবে থাকি না। আমি পণ্যের মূল্য দিতে চাই।”

এরপর এক মার্কিন নারী পুলিশ অফিসার প্রশ্ন করেন, “ভারতে কি চুরি বৈধ?” — যা ঘিরে সামাজিক মাধ্যমে দ্বিধাবিভক্ত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ভারতের প্রতি অবমাননাকর মন্তব্য বলে আখ্যা দিয়েছেন, কেউ আবার অভিযুক্ত নারীর আচরণকে 'জাতীয় লজ্জা' বলে বর্ণনা করেছেন।

পুলিশ জানায়, নারীকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়েছে এবং গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি।

ঘটনার পরপরই ভিডিওটি এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবে ভাইরাল হয়। ক্যাপশনে লেখা হয়, “১ মে এক মহিলা টার্গেট স্টোরে ঘণ্টার পর ঘণ্টা ঘোরাঘুরি করে পণ্য চুরি করে পালানোর চেষ্টা করেন। এরপর যা ঘটে, তা ক্যামেরায় ধরা পড়ে।”

এই ঘটনার পর ভারতীয় অনলাইনে শুরু হয় তীব্র বিতর্ক। কেউ দায়িত্বহীন আচরণের জন্য নিন্দা করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যে ‘জাতিগত বিদ্বেষের গন্ধ’ দেখছেন।
 

Walton Ads