ডেলটা এয়ারলাইন্সের বোয়িং ৭৬৭-৪০০ বিমান (রেজিস্ট্রেশন নম্বর N836MH) শুক্রবার লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর তার বাম ইঞ্জিনে আগুন ধরে যায়। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণের জন্য ফিরে আসে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (LAX)। সৌভাগ্যবশত, কোনো যাত্রীর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লাইট DL446 মাঝ আকাশে ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে। দ্রুত ফ্লাইট ক্রু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বিমানটিকে নিরাপদে ফেরাতে সহায়তা করে এবং ভূমিতে জরুরি সেবাদলকে সতর্ক করে। অবতরণের পর ফায়ার সার্ভিস আগুন নেভায়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমান প্রথমে প্রশান্ত মহাসাগর পার হয়ে ডাউনি ও প্যারামাউন্ট এলাকায় ঘুরে নিরাপদ অবতরণের জন্য সময় নেয়। বিমানটি নিয়ন্ত্রণাধীন গতিবেগ ও উচ্চতা বজায় রেখেছিল।
ডেলটা এয়ারলাইন্সের এক মুখপাত্র বিবিসিকে জানান, “আমাদের ফ্লাইট ৪৪৬ লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে বাম ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার পর।” এ ঘটনায় আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) বিষয়টি তদন্ত করছে। বিমানটির বয়স প্রায় ২৫ বছর এবং এটি দুইটি জেনারেল ইলেকট্রিক CF6 ইঞ্জিন দ্বারা চালিত।
এ বছর ডেলটার আরেকটি বিমানেও আগুনের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে অরল্যান্ডো বিমানবন্দরে এক এয়ারবাস A330 বিমান আগুন ধরে যায়, তবে তাতেও কেউ আহত হয়নি।