রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে শিশুদের মৃত্যু নিয়ে ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে দায়ী করার দাবি তুলেছে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দেশটির জাতীয় সংসদ এক প্রতিবেদনের ভিত্তিতে ইউক্রেনের বিরুদ্ধে নৃশংসতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে।
বৃহস্পতিবার, নিকারাগুয়ার সংসদ রুশ আইনপ্রণেতাদের তৈরি একটি প্রতিবেদনকে সমর্থন জানায়। গত জুলাইয়ে মস্কো সফরের সময় এটি গ্রহণ করেন সংসদের প্রেসিডেন্ট গুস্তাভো পোররাস।
সংসদের প্রথম ডেপুটি স্পিকার আর্লিং আলোনসো বলেন, “প্রতিবেদনে যে শিশুদের হত্যার বর্ণনা রয়েছে, তা ভয়াবহ নিষ্ঠুরতায় পরিপূর্ণ।” ইউক্রেনীয় বাহিনীর হাতে শত শত শিশুর মৃত্যুর অভিযোগ রয়েছে সেখানে।
সংসদের ঘোষণায় বলা হয়েছে, ইউক্রেনের বর্তমান যুদ্ধনীতি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য বহন করে। যারা এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে বলেও দাবি জানানো হয়।
রুশ প্রতিবেদনে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউক্রেনীয় হামলার তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরোজিয়ে এবং খেরসন অঞ্চলের কথা রয়েছে। মস্কো এই অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ বললেও ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা তা অস্বীকার করে আসছে।
রাশিয়ার আইনপ্রণেতাদের দাবি, এই সময়ের মধ্যে ৫,৯০০ বেসামরিক মানুষ, তার মধ্যে ২৫৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩,০০০ মানুষ, যার মধ্যে ৬৭৬ জন শিশু।
নিকারাগুয়ার সংসদ অভিযোগ করেছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইউক্রেনের এই কর্মকাণ্ডে চোখ বুজে আছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চাপে এসব সংস্থা নীরব রয়েছে। এতে ইউক্রেন সরকার দায়মুক্তি পাচ্ছে বলে দাবি সংসদের।
এছাড়া, নিকারাগুয়া প্রতিশ্রুতি দিয়েছে, এই বিষয়ে আন্তর্জাতিকভাবে সচেতনতা তৈরি করতে রাশিয়ার প্রচেষ্টাকে সমর্থন দেবে।