কানাডায় এক ভারতীয় তরুণীকে গুলি করে হত্যার ঘটনায় তিন মাস পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জারডাইন ফস্টার, বয়স ৩২ বছর। গত মঙ্গলবার হ্যামিলটন পুলিশের হাতে ধরা পড়লেও খবরটি প্রকাশ্যে এসেছে শুক্রবার।
নিহত তরুণীর নাম হরসিমরত রন্ধাওয়া। তিনি হ্যামিলটনের মোহক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ১৭ এপ্রিল আপার জেমস স্ট্রিট ও সাউথ বেন্ড রোড সংলগ্ন একটি বাস স্ট্যান্ডে প্রকাশ্যে গুলির শিকার হন তিনি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরসিমরত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করায়, কিন্তু সেখানে তাঁর মৃত্যু হয়।
পুলিশের অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন দুই পক্ষের মধ্যে গণ্ডগোল চলছিল। জারডাইন ফস্টার ওই গণ্ডগোলের অংশ ছিল। ভুলবশত তিনি হরসিমরতকে লক্ষ্য করে গুলি চালান। এরপর থেকেই পুলিশ তাঁর খোঁজে ছিল, কিন্তু তেমন কোনো সূত্র পায়নি। অবশেষে গোপন সূত্রের খবর পেয়ে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় জারডাইনকে।