ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। বৃহস্পতিবার মস্কোয় পৌঁছেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ আল নাহয়ান। তাঁর সঙ্গে সাক্ষাতের পরই পুতিন পশ্চিম এশিয়ার এই দেশটিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেন।
মস্কোয় গত বুধবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই নেতার ভবিষ্যৎ বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। উশাকভ জানান, “কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পারেন।” তিন ঘণ্টার ওই বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক কথাবার্তা হয়েছে।
গত মাসে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে দু’দফা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, যা আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। পরে মার্কিন নৌবহর রাশিয়ার জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী দু’টি ডুবোজাহাজ পাঠিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছিলেন তিনি। তবে উইটকফের সাম্প্রতিক মস্কো সফরের পর ক্রেমলিন জানিয়েছে, উত্তেজনা অনেকটাই কমেছে।
উশাকভ জানান, “আগামী সপ্তাহে পুতিন ও ট্রাম্পের বৈঠক হতে যাচ্ছে, যা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে ইতি টানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পুতিন শর্তসাপেক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির সঙ্গেও বৈঠক করতে পারেন বলেও জানান উশাকভ।