যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য উত্তেজনা তুঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক আরও টানটান হয়ে উঠেছে। এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৮ আগস্ট) ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা, দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। বৈশ্বিক বাণিজ্যে শুল্কের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
ফোনালাপের পর মোদি এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করে পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, "বন্ধু পুতিনের সঙ্গে খুব ভালো ও বিস্তৃত আলোচনা হয়েছে। ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানাই।"
মোদি আরও জানান, দুই দেশ তাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "আমরা দ্বিপাক্ষিক এজেন্ডার অগ্রগতি পর্যালোচনা করেছি। চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।"
এই ফোনালাপের ঠিক একদিন আগে, বৃহস্পতিবার (৭ আগস্ট), রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এর পরদিনই মোদি ও পুতিনের মধ্যে সরাসরি ফোনালাপ হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগের দিন বুধবার (৬ আগস্ট) ট্রাম্প ভারতীয় পণ্যের শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। নতুন শুল্কের প্রথম ধাপ ২৫ শতাংশ ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে, বাকি ২৫ শতাংশ কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।
ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে খোলা বাজারে বিক্রি করে লাভ করছে, যা মূলত রাশিয়াকে যুদ্ধে ‘সহায়তা’ করার সমান। সেই কারণে ভারতকে ‘শাস্তি’ দিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে বলে জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের বিপরীতে ভারতকে সমর্থন দিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেন, "আমরা বিশ্বাস করি, প্রতিটি সার্বভৌম দেশের নিজেদের বাণিজ্য ও আর্থিক অংশীদার বেছে নেওয়ার অধিকার রয়েছে।"
ডোভালের রাশিয়া সফরের সময়ই পুতিন চলতি বছরের শেষের দিকে ভারত সফরের পরিকল্পনার কথা জানান। যদিও সঠিক তারিখ এখনও ঠিক হয়নি, তবে দুই দেশের সম্পর্ক জোরদারে এটি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।