ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির পুরো দখল নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। কিন্তু মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব এই সিদ্ধান্তকে কঠোর ভাষায় সমালোচনা করেছে।

শুক্রবার (৮ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা দখলের এই পদক্ষেপকে তারা “সবচেয়ে কঠোর” শব্দে নিন্দা জানাচ্ছে।

রিয়াদ অভিযোগ করেছে, ইসরায়েল অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মানুষের ওপর নৃশংসতা চালাচ্ছে, তাদের অনাহারে রেখে দিচ্ছে এবং জাতিগত নিধনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করছে, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের সোজাসুজি লঙ্ঘন।

এদিকে, সৌদি আরবের পাশাপাশি ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরায়েলের এই পরিকল্পনার তীব্র নিন্দা প্রকাশ করেছে। ইরাকের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধার নীতি, বাস্তুচ্যুতি ও গণহত্যার নীতি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এছাড়া ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষা এবং বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সৌদি আরব ও ইরাকের এই শক্তিশালী প্রতিবাদ এমন সময় এসেছে যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা বন্ধ করার তীব্র আহ্বান জানাচ্ছে।

 

Walton Ads