ব্রিটেনে ফুড ডেলিভারি খাতে চলছে নজিরবিহীন ধরপাকড়। মাত্র এক সপ্তাহে সাইকেল ও মোটরবাইকে খাবার সরবরাহে যুক্ত ২৮০ জন ডেলিভারি ড্রাইভারকে আটক করেছে ইউকে বর্ডার ফোর্স।

তথ্য অনুযায়ী, এদের অনেকে কেয়ার ভিসা বা স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে নির্দিষ্ট খাতে কাজের অনুমতি পেলেও, ভিসার শর্ত ভঙ্গ করে Uber Eats, Just Eat, Deliveroo–এর মতো কোম্পানিতে অন্যের অ্যাপ ভাড়া নিয়ে নিয়মিত আয় করছিলেন। শুধু তাই নয়, অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই বৈধ ড্রাইভারের অ্যাপ ব্যবহার করে ডেলিভারির কাজ করছিলেন, যাদেরকেও ধরা হয়েছে। খবর মানবজমিন।

হোম অফিসের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে, আটক হওয়া বহু ব্যক্তিকে ইতোমধ্যে ডিপোর্টেশনের প্রক্রিয়ায় আনা হয়েছে।

এদিকে, ফুড ডেলিভারি অ্যাপ ভাড়া নিয়ে কাজ করার অভিযোগে শুধু সরকারি অভিযানই নয়, সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে বয়কট। ১০ আগস্ট লন্ডনের জনপ্রিয় ট্রেড এলাকা কেনারি ওয়ার্ফের একটি হোটেল এমন ডেলিভারি ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে উঠে আসা রিপোর্টে জানা যায়, অবৈধ অভিবাসীরা অ্যাপ ভাড়া নিয়ে কাজ করছে। এরপরই ব্রিটিশ সরকার এই অপব্যবহার ঠেকাতে সাঁড়াশি অভিযানে নামে। কিয়ার স্টারমার সরকারের স্পষ্ট বার্তা—ন্যায্যতা ও সুশৃঙ্খল অভিবাসন নীতিতে কোনও ছাড় নেই। প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, “আমরা ব্রিটিশ জনগণের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, তাই করব।”

অভিবাসন পরিস্থিতি নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয়প্রার্থী অনেক অবৈধ অভিবাসী Uber Eats বা Deliveroo–তে কাজ শুরু করেন, যেখানে অনেক সময় পরিচয় যাচাই যথাযথভাবে হয় না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কড়াকড়ির পেছনে সাম্প্রতিক কূটনৈতিক প্রেক্ষাপটও আছে। সম্প্রতি স্কটল্যান্ড সফরে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনে অবৈধ অভিবাসীর সংখ্যা নিয়ে তির্যক মন্তব্য করেন। তার সফর শেষ হতেই ব্রিটিশ সরকার ধরপাকড় আরও কঠোর করে।

তবে প্রশ্ন রয়ে গেছে—এতজনকে কি সত্যিই নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব? আইনজীবীরা বলছেন, যারা অবৈধ বা ভিসার শর্ত ভেঙে কাজ করছেন, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো যাবে। কিন্তু এখানে আইনের বেশ কিছু ফাঁকফোকর আছে। অনেকেই এসাইলাম আবেদন করেছেন, যা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ডিপোর্ট করা যাবে না। আটক অবস্থায়ও এসাইলাম আবেদন করে ডিপোর্টেশন ঠেকানো সম্ভব। তবে সরকার চাইলে বিশেষ নির্বাহী ক্ষমতা ব্যবহার করে সবার ডিপোর্টেশন কার্যকর করতে পারে।

 

Walton Ads