সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ ও পারমাণবিক যুদ্ধ নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের জবাব দিয়েছে নয়াদিল্লি। সোমবার (১১ জুলাই) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি একটি চেনা প্যাটার্নের অংশ। যখনই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করে, তখনই তারা তাদের আসল রূপ দেখায়।”
যুক্তরাষ্ট্র সফরের সময় ফ্লোরিডায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে আসিম মুনির বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধে যদি পাকিস্তান ‘অস্তিত্বের হুমকির’ মুখে পড়ে, তবে পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের মন্তব্যের দায়িত্বজ্ঞানহীনতা নিজেই বিচার করতে পারবে। বিশেষ করে এমন একটি রাষ্ট্রের ক্ষেত্রে, যেখানে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে—এটি তাদের পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণের নিরাপত্তা নিয়ে আগেই থাকা গুরুতর সন্দেহগুলোকে আরও জোরদার করে।
বিবৃতিতে আরও বলা হয়, বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের (যুক্তরাষ্ট্র) মাটি থেকে এ ধরনের উসকানিমূলক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।
নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’-এর কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে থাকবে।