ভারতের উন্নতি আর অগ্রগতিতে যেন আমেরিকার মাথাব্যথা বাড়ছে—এমনই মন্তব্য করেছেন ভারতের সাবেক উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি জানান, মার্কিন বাণিজ্য চাপে ভারত নড়বড়ে হবে না, বরং কৌশলগত এবং জাতীয় স্বার্থে এক ইঞ্চিও পিছপা হবে না।
শনিবার (১০ আগস্ট) চেন্নাইয়ে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব, জাতীয় স্বার্থে অটল থাকব। কেউ হুমকি দিলেই মাথা নত করব না—ভারতকে হুমকি দিয়ে লাভ নেই।”
নাইডুর ভাষায়, এখন ভারত নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ নীতির ওপর ভিত্তি করে সহযোগিতা চালিয়ে যাবে। এই মন্তব্য আসে সেই সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন এবং ভারতের অর্থনীতিকে “মৃত” বলে উল্লেখ করে কটূক্তি করেছেন।
তিনি আরও যোগ করেন, ভারতের দ্রুত অগ্রগতি এখন গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়ে উঠেছে, যা অনেক দেশের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। “তারা আমাদের উন্নতি হজম করতে পারছে না, তাদের গায়ে গরম লাগছে,”—বললেন নাইডু।
ভারত দ্রুত বিশ্বের চতুর্থ থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিণত হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দেশের কৃষক, গবেষক ও তরুণ প্রজন্ম এই অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।