ইতালির জেনোয়া বন্দরে সৌদি শিপিং কোম্পানি ‘বাহরি’র জাহাজ বাহরি ইয়ানবু আটকে দেন বন্দরকর্মীরা। অভিযোগ, জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র বহন করা হচ্ছিল। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার প্রতিবাদে শ্রমিকরা এই পদক্ষেপ নেন।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার পরিকল্পনা ছিল। এর মধ্যে আবু ধাবির জন্য তৈরি একটি কামান ও ভারী অস্ত্রও ছিল বলে জানা গেছে।
পরিদর্শনে উঠে ৪০ জন শ্রমিক দেখতে পান, অস্ত্র ও গোলাবারুদ ইসরায়েলের গন্তব্যে পাঠানোর জন্য প্রস্তুত। শ্রমিক ইউনিয়নের নেতারা ঘোষণা দেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এ ধরনের চালান তারা কোনোভাবেই খালাস করবেন না।
২০১৯ সালেও একই জাহাজে অস্ত্র আটকে দিয়েছিল জেনোয়া বন্দরের শ্রমিকরা। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য বন্দরে ইসরায়েলগামী অস্ত্র চালান আটকানোর ঘটনা বেড়েছে।
গাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য সংকট চরমে, বহু শিশু অনাহারে মারা গেছে। সৌদির বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তার অভিযোগ থাকলেও, ‘বাহরি’ এসব অভিযোগ মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।