ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান না হলে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের নির্দেশিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এই তিন দেশ সতর্ক করেছেন, ইরান আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন অব্যাহত রাখলে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ব্যবহার করে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। কূটনৈতিক সমাধান চেষ্টা ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান না হলে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের নির্দেশিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। জাতিসংঘে পাঠানো বুধবার প্রকাশিত যৌথ চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। আমাদের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করে এটি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো চিঠির অনুলিপি পোস্ট করে বলেন, “ইরান আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন অব্যাহত রাখলে ১০ বছর আগে তুলে নেওয়া বিশ্বব্যাপী অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম ও ব্যাংকিং কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগস্টের শেষে পুনর্বহাল করা হবে।”
ইউরোপীয় তিন দেশ চুক্তি অনুযায়ী ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ ব্যবহার করার হুমকি দিয়েছে। এই ব্যবস্থার অধীনে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা সম্ভব। তবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে, যা ইউরোপীয় দেশগুলোর সতর্কতা বাড়িয়েছে।
এর আগে জুনে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১২ দিনের বিমান হামলা চালায়, যা যুক্তরাষ্ট্রও সমর্থন করে। ২০১৫ সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চুক্তিতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলো স্বাক্ষর করেছিলেন। চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীর করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল।
ইরান আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করলেও সংস্থার উপপ্রধানের তেহরান সফর ও নতুন সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। অন্যদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো আইনি অধিকার নেই। ইউরোপীয় মন্ত্রীরা দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, জেসিপিও চুক্তির স্বাক্ষরকারী হিসেবে তারা জাতিসংঘের প্রাসঙ্গিক বিধি ব্যবহার করে নিষেধাজ্ঞা পুনর্বহালের আইনি ক্ষমতা রাখে।