সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ব্যর্থ নেতা এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চল হারানো অনিবার্য। রাশিয়ার গণভোটে অন্তর্ভুক্ত চারটি অঞ্চল ফিরিয়ে আনার কোনো ক্ষমতা নেই জেলেনস্কির—এমন মন্তব্য করে তিনি ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কড়া সতর্কবার্তা দেন।
যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্যর্থ নেতা আখ্যা দিয়েছেন। তার মতে, ইউক্রেনের কিছু ভূখণ্ড হারানো এখন অবশ্যম্ভাবী।
রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে রিটার বলেন, “খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক ২০২২ সালের সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছে এবং সাংবিধানিকভাবেই রাশিয়ার অংশ থাকবে।”
তিনি আরও বলেন, “এই বাস্তবতা বদলানোর ক্ষমতা জেলেনস্কির নেই। একজন দক্ষ নেতা সত্য মেনে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতেন, কিন্তু জেলেনস্কি তা করছেন না। তার এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত।”
এর আগে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এ নিয়ে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হবে।
ট্রাম্প জানান, “পুতিনকে বলব—এই যুদ্ধ শেষ করতেই হবে। মাত্র দুই মিনিটের কথোপকথনেই বুঝে ফেলব, তিনি চুক্তিতে আগ্রহী কিনা।” তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে জেলেনস্কি ও পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে।